ইত্তেফাক রিপোর্ট
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইনসিওরেন্সের মুনাফায় ধস নেমেছে। এক ধাক্কায় কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমে প্রায় অর্ধেকে নেমে গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। সে হিসেবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় ধস নামায় ছয় মাসের (জানুয়ারি-জুন) হিসেবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭০ পয়সা।
মুনাফায় ধস নামলেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৪ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ১৭ টাকা ৩৯ পয়সা। এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭০ পয়সা, যা ২০১৯ সালের জানুয়ারি-জুন সময়ে ছিল ঋণাত্মক ৬৯ পয়সা।
