আর্ট মানে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৫

এই সময়ের ছড়া 

হাসনাত আমজাদ

 

আর্ট মানে জানি শিল্প ও কলা, আর্ট মানে আঁকাআঁকি

আর্ট মানে রুচি, শিল্পিত সব, আর্ট মানে ঝাঁকাঝাঁকি।

ঝাঁকাঝাঁকি চলে চিন্তা ও ব্রেনে

আর্ট কি কখনো সের দরে কেনে?

আর্ট মানে শার্ট আর কোর্ট প্যান্ট, অন্যের চেয়ে ভিন্ন

আর্ট মানে কথা বলবে কিন্তু রেখে যাবে কিছু চিহ্ন।

 

আর্ট করে তুমি হাঁটাহাঁটি করো তাকিয়ে দেখবে লোকে

বলবে ও ভাই, কে সে হেঁটে যায়, চিনতে পেরেছ ওকে?

আর্ট যদি থাকে পাবে সে মূল্য

আর্ট একরূপ সোনার তুল্য

দাম আছে তার, কিন্তু অনেকেই আর্ট বোঝে নাকো কিছু

পেটভরা ভুঁড়ি, দামি বাড়িগাড়ি, ঘোরে যে টাকার পিছু।

 

আর্টিস্ট যারা ছবি আঁকে তারা কিন্তু করে না ফেরি

আর্টছবি আছে চেনো কি তোমরা? চিনতে কোরো না দেরি।

আর্ট আছে জেনো কবিতা ও ছড়াতে

আর্ট আছে সেই লেখাগুলো পড়াতে

আর্টের কদর দিতে হবে জেনো নইলে হবে না সৃষ্টি

আর্ট মানে সেরা, আর্ট মানে দামি, আর্ট মানে দূরদৃষ্টি।