ভারত কাল থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৭

গত রবিবারের আগে টেন্ডার হওয়া পেঁয়াজের চালান আগামীকাল বুধবার থেকে রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে একটি সূত্র জানিয়েছে। ফলে পেঁয়াজ আমদানি শুরুর সম্ভাবনা দেখছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত সরকার তাদের অভ্যন্তরীণ বাজারে সঙ্কটের কারণে মূল্যবৃদ্ধির অজুহাতে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরফলে বন্দরের ভারত অংশে ২৫০-৩০০ পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক আটকা পড়ে। ভারত থেকে এই দুইদিন আমদানি না হওয়ায় বন্দরের বাজারগুলোতে দামে বড় ধরণের প্রভাব পড়ে। এতে করে ৪০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০-১০০ টাকায় বেচাকেনা হয়।

এদিকে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ ভারতের বালুরঘাটের রপ্তানিকারক রামনাথ সাহার উদ্বৃতি দিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জানান, গত রবিারের আগে যেসব পেঁয়াজ রপ্তানির জন্য সেদেশের সরকার অনুমতি দিয়ে ছিল, সেসব পরিমাণের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির অনুমতি দিতে পারে। ধারনা করা হচ্ছে কাল বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ঢোকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এটা ভারতের রপ্তানিকারকদের বক্তব্য। কিন্তু এখনো তারা কোনো সরকারি নির্দেশনা পাননি। 

ইত্তেফাক/এসি