ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করবে দক্ষিণ সিটি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের তৃতীয় সভায় তিনি এই তথ্য জানান। নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমিটির সভাপতি হিসেবে করপোরেশনের সাধারণ আসনের ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাতে সম্মতি জানান। কমিটির অন্য সদস্যরা হলেন—সাধারণ আসন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু এবং সংরক্ষিত আসনের ৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নম্বর ১৬, ১৭, ২১) নারগীস মাহতাব, ৫ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নম্বর ১৩, ১৯, ২০) রোকসানা ইসলাম চামেলী, ২২ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নম্বর ৬৭, ৬৮, ৬৯) মাহাফুজা আক্তার। পরিষদ নবগঠিত স্ট্যান্ডিং কমিটিকে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকায় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা ও ঘুড়ি উত্সব আয়োজনের প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সময় বলেন, নতুন স্ট্যান্ডিং কমিটির ওপর অর্পিত দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন বলে আমি আশাবাদী।