রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করেছে আদালত। গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী ও মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এদিকে আত্মপক্ষ সমর্থনের জন্য আজ বুধবার দিন ধার্য রেখেছে আদালত।
গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
