লিবিয়ায় ২৬ বাংলাদেশি মৃত্যুর ঘটনায় মানব পাচারের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি সানজিদাকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী কামরুজ্জামান কচি ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ শুনানি করেন। গত ২৮ মে লিবিয়ার ত্রিপলিতে সন্ত্রাসীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন এলাকা থেকে মানব পাচারকারী ও বিদেশে অবৈধ উপায়ে শ্রমিক পাঠানো দালালদের গ্রেফতার করে। ঐ ঘটনার পর এ পর্যন্ত বিভিন্ন থানায় মানব পাচারের অভিযোগে ২২টি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে পল্টন থানার মামলায় ৩৬ জনকে আসামি করা হয়। এই মামলার আসামি সানজিদা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
