আবজালের আরো সম্পদের খোঁজ পেয়েছে দুদক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:১৯

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আবজাল হোসেনের আরো সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে গতকাল মঙ্গলবার দুদক থেকে আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানমের সন্ধানে আদালতের গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন থানায় পাঠানো হয়। গতকাল বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত জানান, রিমান্ডে আবজালের কাছে জানতে চাওয়া হয়, তিনি এতদিন কোথায় আত্মগোপনে ছিলেন, মামলার অপর আসামি তার স্ত্রী রুবিনা খানম কোথায়। নানা ধরনের জিজ্ঞাসাবাদে আবজালের আরো সম্পদের খোঁজ মিলেছে। সেসব সম্পদ জব্দ করা হবে। এছাড়া তিনি আরো জানান, আবজাল হোসেনের পলাতক স্ত্রীর সন্ধানে আদালতের গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানম স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার  স্টেনোগ্রাফার ছিলেন। যদিও পরবর্তীতে রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ব্যবসা শুরু করেন। মূলত স্বামী-স্ত্রী মিলে স্বাস্থ্য অধিদপ্তরে একচেটিয়া ব্যবসা করার জন্য তারা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আবজাল হোসেনকে গতকাল রিমান্ডের তৃতীয় দিনে জিজ্ঞাসাবাদ করে দুদক। কমিশনের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম টানা চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, গত বছর ২৭ জুন দুদক উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। মামলা দুইটির মধ্যে একটিতে আবজাল হোসেন একা এবং অপর মামলায় তার স্ত্রী রুবিনা খানম যৌথভাবে আসামি।