আশুলিয়ায় দুই মাদ্রাসাছাত্র নির্যাতনের ঘটনায় শিক্ষক আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:১৯

সাভারের আশুলিয়ায় এক মাদ্রাসায় দুই শিশুশিক্ষার্থীকে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগে শিক্ষক ইব্রাহিম মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকায় জাবালে নুর মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত সোমবার সকালে ঐ মারধরের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি এবং অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতারের দাবি ওঠে। এ ঘটনায় নির্যাতিত শিশু রাকিবের পিতা থানায় মামলা করেছেন।

আটক ইব্রাহিম কুমিল্লা জেলার হোমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। প্রতিষ্ঠানটির পরিচালক কুমিল্লা জেলার বাসিন্দা আব্দুল জব্বার। তিনি ঐ ছয় তলা বাড়ির মালিক।

নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলো—রাকিব ও মাহফুজ। রাকিব ঘটনার পর থেকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। অপর দিকে মাহফুজ ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে। সে এখনো মাদ্রাসায় আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ মাদ্রাসায় শিশুশিক্ষার্থী রাকিব হোসেন ও মাহফুজুর রহমানকে হাত-পা বেঁধে অন্য শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর জখম করে ঐ মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম মিয়া। পরে শিশু রাকিবের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করে। সোমবার সকাল থেকে ফেসবুকে দুই শিশুশিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। পরে ঐদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মিয়াকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।