দীঘিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

জেলার দীঘিনালা উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে ধর্ষণের ঘটনায় মো. নাজমুল হাসান নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে তাকে আটক করে আদালতে পাঠিয়েছে দীঘিনালা থানার পুলিশ। দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে অটল টিলা পুলিশ ক্যাম্পের সদস্য নাজমুল হাসানের (২৩) বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা করেছেন। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা পুলিশ সদস্য নাজমুল হাসানকে আসামি করে গত সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশ সদস্য নাজমুল হাসান দীঘিনালা থানার আওতাধীন একটি পুলিশ ক্যাম্পে কর্মরত। সোমবার বিকেলে ক্যাম্পের পার্শ্ববর্তী এক বৌদ্ধবিহারের পাশে বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে নাজমুল। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে নাজমুল হাসানকে ঘিরে ফেলে এবং তাকে আটক করে মারধর করে। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ সন্তোষ কুমার মজুমদারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।