গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া গ্রামে প্রেমিকার বিয়েতে বাধা দেওয়ায় সাগর আহমেদ নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার যুবকের মা।
আহত যুবকের বাবা জানান, বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার সাবেক শিক্ষার্থী তার ছেলে সাগর আহমেদ। স্কুলে পড়া অবস্থায় এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। সম্প্রতি ঐ ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক হলে ছেলের মাধ্যমে তারা তা জানতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি তার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে যান। অভিভাবকের সঙ্গে আলাপ করলে তারা বিয়েতে রাজি হন। এই ঘটনার কয়েক দিন পরে তারা জানতে পারেন গোপনে ঐ ছাত্রীর বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ ঘটনার রেশ ধরে গত রবিবার মেয়ের বাড়িতে গিয়ে সাগর তাকে অন্যত্র বিয়ে ঠিক করার কারণ জানতে চান। এ সময় ঐ ছাত্রী এবং তার পরিবারের লোকজন সাগরের সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনার রেশ ধরে গত সোমবার ইউনিয়ন পরিষদের লোকজন সালিশের কথা বলে সাগরকে ইউনিয়ন পরিষদে ডেকে নেয়। এ সময় তারা সালিশ বসিয়ে সাগরকে ৫ লাখ টাকা জরিমানা করেন। তা দিতে অস্বীকৃতি জানালে তাকে চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারের সামনে গ্রাম পুলিশ ও বহিরাগত লোকজন মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকার জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টি তাকে জানালে ঐ ছাত্রীর পরিবারের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে সালিশের ব্যবস্থা করেন তারা। তবে সেখানে মারধর বা জরিমানা আদায়ের কোনো ঘটনা ঘটেনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন আল রশিদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
