ভবিষ্যত্ জানানো অ্যাপগুলো কি নিরাপদ?

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

নিজের ভবিষ্যত্ সম্পর্কে জানতে এখন আর হস্তরেখা বিশারদ কিংবা জ্যোতিষীর কাছে না গেলেও চলবে।

কতো বছর বয়সে আপনার বিয়ে হবে, বিয়ের পর আপনার ভবিষ্যত্ কেমন হবে অথবা কে আপনার ফেসবুক প্রোফাইল লুকিয়ে লুকিয়ে দেখেন? এমন অনেক প্রশ্নের উত্তর জানা যায় অ্যাপ থেকে। ফেসবুকের নিউজ ফিডে ভবিষ্যত্ সম্পর্কে তথ্যের যেসব লিংক বন্ধুরা শেয়ার করেন, তা এই অ্যাপ ব্যবহারেরই ফলাফল।

আপনি যখন ‘বিয়ের পর ভবিষ্যত্ কেমন হবে’ জানতে আগ্রহী হয়ে অ্যাপটিতে ঢুঁ মারবেন, তখন ওয়েবসাইটটিতে প্রথমে লেখা থাকবে—‘খেলাটি খেলতে এখানে ক্লিক করুন।’ তারপর তাতে ক্লিক করলে ফেসবুকে লগইন করতে বলা হবে এবং কিছু তথ্য দেখার অনুমতি চাওয়া হবে। অনুমতি দিলে কিছু সময় পর ফলাফল দেখাবে। ফলাফলটি বন্ধুদের সঙ্গে ফেসবুকে শেয়ার করতেও প্রলুব্ধ করা হবে।

ফেসবুকের জন্য এমন অনেক অ্যাপই তৈরি করছেন ডেভেলপাররা। ফেসবুকের অ্যাপ্লিকেশন থেকে পাওয়া তথ্যগুলো অনেকে নিছক মজা হিসেবে নিলেও সত্যি ভেবে বিশ্বাস করেন কেউ কেউ। আদতে এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

অ্যাপগুলো তৈরি করার পেছনে বাণিজ্যিক উদ্দেশ্য আছে। অ্যাপ্লিকেশনগুলোতে কেউ ক্লিক করলে ব্যবহারকারীর ফেইসবুক থেকে কিছু তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়। এর মধ্যে ফেসবুক ইউজারের নাম, মেইল আইডি, মোবাইল নম্বর, ছবি, লাইক-শেয়ার, ফেসবুকের বন্ধু তালিকা ও ম্যাসেজ দেখার অনুমতি ইত্যাদি থাকে। কিছু অ্যাপ ফেসবুকে আপ করা ব্যক্তিগত ছবি ব্যবহারেরও অনুমিত নেওয়া। এভাবে মজার ছলে অ্যাপ ডেভেলপাররা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন।

তথ্যগুলো নানা কাজে ব্যবহার করা হয়। বিক্রি করে দেওয়া হয় ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেসগুলো, যা অনলাইন বিজ্ঞাপনের মারফত পণ্যের প্রচারণায় ব্যবহার করা হয়। এছাড়া, তথ্য বিক্রির পাশাপাশি অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে হ্যাকিংয়ের অ্যালগরিদমে ব্যবহার করে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) শক্তিশালী করতে অসংখ্য ছবির প্রয়োজন হয়। এ অ্যাপগুলো থেকে পাওয়া ছবিগুলো দিয়ে সে চাহিদা মেটানো হয়। পর্নো সাইটে বিকৃতভাবে ব্যবহারের মতো অনৈতিক উদ্দেশ্যেও অনেকে ছবিগুলো ব্যবহার করে থাকেন।