একটিমাত্র সেতুর অভাবে দুই উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার প্রায় ৫০ বছর পূর্ণ হতে চললেও এখনো রাবনাবাদ নদীর ওপর সেতু নির্মিত হয়নি। ফলে গলাচিপা ও রাঙ্গাবালীর উপজেলার ১৮টি ইউনিয়নের বাসিন্দাদের প্রতিদিন খেয়া পার হয়ে পটুয়াখালী জেলা সদরে যেতে হয়। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উপজেলাগুলোতে গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা। সেতুটি নির্মাণের ফলে গ্রামাঞ্চলের অর্থনৈতিক চাকা সচল হবে, তেমনি স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতের দ্রুত প্রসার ঘটবে। দুই উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও যোগাযোগের সমস্যার কারণের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারায় একটিমাত্র সেতুই পারে দুই উপজেলার মানুষের ভাগ্যের দ্বার খুলে দিতে। তাই অতি দ্রুত এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই।
নিয়ামুর রশিদ শিহাব
গলাচিপা, পটুয়াখালী
