ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে অংশ নেওয়া ১৮৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১২০টি এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৬৬ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
