ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪০তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইকুপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩ দশমিক ১৩ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।
