মেসিকে পাশেই চান পিয়ানিচ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার হয়ে তিনি অনুশীলন শুরু করে দিয়েছেন দিন তিনেক আগেই। তবে, জুভেন্তাস ছেড়ে কাতালান ক্লাবটিতে পা রাখা মিরালেম পিজানিচের আনুষ্ঠানিক পরিচয়পর্বটা অনুষ্ঠিত হলো গত মঙ্গলবার। আর সেখানে এসে তিনি জানালেন, বার্সেলোনা সমর্থকদের মন জয় করতে মুখিয়ে আছেন তিনি। আর সেজন্য পাশে চান স্বয়ং লিওনেল মেসিকে।

সম্প্রতি মেসির দলবদল নিয়ে অনেক জলঘোলা হলো। বার্সেলোনা ছাড়ার ঘোষণা তিনি দিয়ে ফেলেছিলেন। তবে, রিলিজ ক্লজ বিষয়ক জটিলতার আরো একটা মৌসুমের জন্য থেকে যাচ্ছেন তার আঁতুরঘরে।

ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সেসকো টট্টি কিংবা জিয়ানলুইজি বুফনকে সতীর্থ হিসেবে পাওয়া পিয়ানিচ বলেন, ‘মেসিকে অন্য জার্সিতে আমি কল্পনা করতে পারি না। ভেবেছিলাম, সবকিছু ভালোভাবে শেষ হবে; তা হয়েছেও। আশা করি, তার সঙ্গে খেলতে পারব এবং এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মাত্র দুই দিন হলো মেসিকে আমি কাছ থেকে দেখছি, জানছি। টট্টি, বুফন, ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। তাদেরকে এক দলে পাওয়া আমার জন্য গর্বের। আমি সবসময় আরো ভালো করতে মনোযোগী এবং অন্য গ্রহের একজনের সঙ্গে খেলতে পারাটা আনন্দের। তবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পুরো দলটা গুরুত্বপূর্ণ। লক্ষ্য অর্জনে এই দলের সামর্থ্যে আমার আস্থা আছে।’

বসনিয়ান মিডফিল্ডার পিয়ানিচ বার্সেলোনার হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন। বললেন, ‘এখানে প্রতিপক্ষ হিসেবে খেলাটা ছিল দারুণ গর্বের। ছোট বেলায় স্বপ্ন ছিল বার্সেলোনার হয়ে খেলার। এই দল, এই ক্লাবের অংশ হতে পারাটা অসাধারণ ব্যাপার। এখন আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে এবং আমার ক্যারিয়ারে এটা গুরুত্বপূর্ণ সময়। আমরা সব ট্রফি জিততে চাই এবং আমার জন্য এটা দারুণ একটা সুযোগ। আশা করি, আমি আমার অভিজ্ঞতা ও ফুটবল দিয়ে দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে পারব।’