স্পোর্টস রিপোর্টার
এখানকার টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়ের বেশ কয়েক জন আফগানিস্তানের। আর এই ফরম্যাটেই নিজেদের সাফল্যের বেশি সম্ভাবনা দেখে তারা। রশীদ খান আগেও বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান তারা। এবার বললেন, পুরো দেশই এদিকে চেয়ে আছে।
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অনলাইনে এক আলাপে আফগানিস্তানের এই অলরাউন্ডার বলছিলেন, ‘আমি মনে করি, আফগানিস্তানের জন্য এখন সবচেয়ে বড় অর্জন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, যেটির জন্য দল মুখিয়ে আছে, পুরো দেশ আশায় আছে। কারণ, আমাদের স্কিল ও প্রতিভা আছে। স্রেফ নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে, আমরা এটি করতে পারি। প্রতিভার দিক থেকে আমরা অনেক ভালো দল, আমাদের স্পিনার আছে, ফাস্ট বোলার আছে, ব্যাটিং ইউনিটও ভালো।’
রশীদ জানালেন, একটা সময় দেশের মানুষের এবং ক্রিকেটারদের স্বপ্ন ছিল আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করা এবং টেস্ট খেলা। সেই স্বপ্ন তাদের পূরণ হয়েছে। এখন তাদের স্বপ্ন বিশ্বকাপ নিয়ে। আর সেই পথে এগিয়ে যেতে বড় দলগুলোর বিপক্ষে আরো বেশি খেলা চান রশিদ, ‘বড় দলগুলোর বিপক্ষে যখন আরো সিরিজ খেলব, আমরা আরো ভালো দল হতে পারব। টি-টোয়েন্টির জন্য আমরা খুব বিখ্যাত। আমাদের ও দেশের মানুষের স্বপ্ন এক দিন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতব। আফগানিস্তান ক্রিকেট ও আমাদের জন্য যা হবে সবচেয়ে বড় অর্জন।’
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে। পরের বছর অস্ট্রেলিয়ায় বসবে আরেকটি আসর।
