বর্ণবাদবিরোধী আন্দোলন
স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা মাঠে হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইফ ম্যাটারস’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে এটা করা হয়নি। এ নিয়ে সমালোচনা হচ্ছে। সম্প্রতি মাইকেল হোল্ডিং এ নিয়ে দুই দলের সমালোচনা করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, বিষয়টির প্রতি তাদের সমর্থন থাকলেও তারা এটা নিয়ে সতর্ক থাকতে চান।
ল্যাঙ্গার মনে করেন, এই ধরনের প্রতীকী প্রতিবাদের চেয়ে শিক্ষাটা বেশি জরুরি, ‘আমি এউইন মরগানের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা কোনো নির্দিষ্ট চিহ্ন দেখিয়ে প্রতিবাদ করব না। কারণ সবার আগে শিক্ষার প্রয়োজন। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের চেয়ে শিক্ষাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ক্রিকেট খেলাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ খেলাটি বিশ্বের যেকোনো জায়গায়, যে কেউই খেলতে পারে। কে কোন বর্ণের, কোন ধর্মের, কোন দেশের সেটা কোনো গুরুত্ব রাখে না। ক্রিকেট সবাই খেলতে পারে এবং আমি এটার জন্যই সত্যিই গর্ববোধ করি।’
তবে হোল্ডিং যেহেতু সমালোচনা করেছেন, সেটাকে গুরুত্বই দিতে চাচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ, ‘এমনটা মনে হতে পারে আমরা যথেষ্ট সম্মান দেখাইনি। কিন্তু এটা দলের উদ্দেশ্য ছিল না। আমরা এই আন্দোলন সম্পর্কে সবাই অবহিত। যখন মাইকি (হোল্ডিং) কিছু বলছে, নিশ্চয়ই তার গুরুত্ব রয়েছে।’
