করোনা মহামারির কারণে খেলা না হওয়ায় বিশাল ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় ইতিমধ্যে চারটি সিরিজ আয়োজন করে ফেলেছে তারা। তার পরও বোর্ডটি বিশাল ক্ষতির মুখে আছে। আর এই অবস্থায় ক্ষতি কিছুটা কমাতে ৬২ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এ বছর ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। আগামী বছর যা বেড়ে দাঁড়াতে পারে ২০ কোটি পাউন্ডে। খরচ কমানোর অংশ হিসেবে ওয়ার্কফোর্স বাজেটের ২০ শতাংশ কাটারও প্রস্তাব উঠেছে ইসিবিতে। ৩০ কোটি পাউন্ডের বেশি লোকসান হতে পারে বলে মহামারির শুরুর দিকে শঙ্কা প্রকাশ করেছিলেন হ্যারিসন। তবে ‘জীবাণুমুক্ত পরিবেশ’ তৈরি করে ইংল্যান্ডের পুরুষ দলের সব আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারায় আর্থিক ক্ষতি কিছুটা কমেছে।
