ইত্তেফাক রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া গ্রামের স্কুলছাত্র অন্তর হত্যা মামলায় আসামিদের জবানবন্দি গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৮ অক্টোবর আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মামলার দুই আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও নুসরাত ইয়াসমিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন।
২০১৮ সালের ৭ জুন রাতে অপহরণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে অন্তরকে হত্যা করেন আসামিরা। ঐ বছরের ২৮ জুন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তিন আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এসব জবানবন্দি রেকর্ড করা হয়েছে বেলা ৫টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে। কিন্তু আইনে বলা হয়েছে যে, জবানবন্দি রেকর্ডের পূর্বে আসামিকে তিন ঘণ্টা সময় দিতে হবে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তিন জন আসামির জবানবন্দি রেকর্ডের ক্ষেত্রে আইন অনুসরণ করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, যে জবানবন্দি রেকর্ড করা হয়েছে সেটা আসামির ভাষায় লেখা হয়নি। সবগুলো জবানবন্দির বক্তব্যও প্রায় একই রকম। এ কারণে হাইকোর্ট সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন।
