ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছি :তাপস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল নগরীর ৫৮ নম্বর ওয়ার্ডের কদমতলী থানাধীন শ্যামপুর ট্রাকস্ট্যান্ড পরিদর্শন এবং লাল মসজিদ, কলেজ রোড, শ্যামপুর এলাকার সড়ক পরিদর্শনের পর এ কথা বলেন তিনি। মেয়র বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করছি, একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) নির্মাণ করছি। উন্নয়নকে আমরা কিছু জায়গায় পুঞ্জীভূত না করে পুরো ডিএসসিসি এলাকাব্যাপী ছড়িয়ে দিচ্ছি, আমাদের লক্ষ্য হলো ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঢাকাবাসীকে পর্যাপ্ত নাগরিক সুবিধা প্রদান করা। এর আগে মেয়র ৫৪ নম্বর ওয়ার্ডের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন জুরাইন একতা মার্কেট পরিদর্শনের পর সড়ক সম্প্রসারণ কাজের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে মার্কেট নির্মাণের পর তাদের দোকান বরাদ্দের আশ্বাস দেন।

ডিএসসিসি মেয়রের সঙ্গে এ সময় স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমান উল্লাহ নুরী, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, জিএম ট্রান্সপোর্ট বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ৫৪ নম্বর ও ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রমুখ।