আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিভিন্ন পর্যায়ে উপকমিটিতে ত্যাগী নেতাকর্মীদের এবং দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করতে হবে। কমিটি করার সময় কোনোভাবেই স্বজনপ্রীতি দেখানো যাবে না। তিনি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান। গতকাল বুধবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা শেষে ওবায়দুল কাদের সংসদ ভবনস্থ তার সরকারি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ মাহফিল, দোয়া এবং সীমিত আকারে সব পর্যায়ে আলোচনার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকদের উপকমিটির তালিকা জমা দিতে বলেছেন। একই সঙ্গে সম্মেলন সম্পন্ন হওয়া জেলাগুলোর মধ্যে যারা এখনো পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেননি, তাদের আগামী সপ্তাহের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আটটি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও প্রেসিডিয়াম সদস্যরা এসব কমিটি গঠনের দায়িত্বে থাকবেন এবং বিভিন্ন বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিপূর্বে যে সব উপজেলা, জেলা, মহানগর এবং সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, তাদের মধ্যে যারা এখনো কমিটি জমা দেয়নি—তাদেরকে আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত কমিটি জমা দিতেই হবে। এসময়ে তিনি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার কমিটি করে জেলা সম্মেলন করার নির্দেশ দেন।
