আজ আরো এক আন্তর্জাতিক রুট চালু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যস্ততা বাড়ছে। এখান থেকে আরো একটি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম-মদিনা রুটের ফ্লাইট আজ চালু হলে দেশের এই দ্বিতীয় আন্তর্জাতিক বিমান বন্দরের সঙ্গে যুক্ত হবে চারটি আন্তর্জাতিক ডেস্টিনেশন। এর আগে এই বিমানবন্দর দিয়ে তিনটি আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল শুরু হয়। গন্তব্যগুলো হচ্ছে দুবাই, আবুধাবি ও সারজাহ।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে গত মধ্য মার্চ থেকে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে এই বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ৯টি গন্তব্যে বিমান চলাচল চালু ছিল। এই গন্তব্যগুলো হচ্ছে ভারতের কলকাতা, চেন্নাই, ব্যাংকক, ওমান, আবুধাবি, সারজাহ, জেদ্দা, মদিনা এবং দোহা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই জামান ইত্তেফাককে বলেন, আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ক্ষেত্রে গত ৯ সেপ্টেম্বর থেকে ইতিবাচক পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে। আজ থেকে পুনরায়         চালু হতে যাচ্ছে চট্টগ্রাম-মদিনা রুটের আন্তর্জাতিক ফ্লাইট। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে আন্তর্জাতিক রুটে যেসব সংস্থার বিমান চলাচল করছে সেগুলো, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স, এয়ার এরাবিয়া ও ফ্লাই দুবাই। এ মাসেই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার মাস্কাট ফ্লাইট চালু হতে পারে। তবে বিষয়টি বর্তমানে পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে।

বিমানবন্দর ব্যবস্থাপক আরো জানান, স্বাস্থ্যবিধিসহ সব নিয়মকানুন যথাযথভাবে মেনেই দেশে-বিদেশে বিমান চলাচল পরিচালনা করা হচ্ছে।