মেজর (অব.) সিনহা হত্যার ঘটনায় নানাভাবে আলোচনায় আসা কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী জেলার পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলে কক্সবাজারে নতুন এসপি হয়ে আসছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসানুজ্জামান। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
ঐ আদেশে পুলিশের দুই জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত অন্য কর্মকর্তারা হলেন : খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার, এসবি ঢাকার ডিআইজি মো. মাসুদুর রহমান ভূঞাকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার, রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
বদলি হলেও সিনহা হত্যা মামলার ন্যায় বিচারের লক্ষ্যে এসপি মাসুদকে জিজ্ঞাসাবাদের দাবি জানান মামলার বাদী শাহরিয়া ফেরদৌস। পুলিশ সুপারকে বদলির বিষয়ে এক প্রতিক্রিয়ায় সিনহা হত্যা মামলার বাদী শাহরিয়া ফেরদৌস বলেন, আমার বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন। সরকারি চাকরি বদলির। তারও (এসপি মাসুদের) বদলি হতেই পারে। কিন্তু আমাদের দাবি ছিল তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা যাচাই করতে তাকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে জিজ্ঞাসাবাদ করা। তিনি যেখানেই যাক, ন্যায় বিচারের লক্ষ্যে আমাদের সেই দাবি বহমান থাকবে।
