উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপত্সীমা ছুঁই ছুঁই করছে। রংপুরের কাউনিয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করেছে। দেখা দিয়েছে ভাঙন। উপজেলার ঢুষমারা ও বিশ্বনাথসহ বেশ কয়েকটি গ্রামের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পশু নিয়ে বিপদে আছেন নদী-তীরবর্তী এলাকার দুর্গত মানুষেরা।
সরেজমিন বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, গত রবিবার রাত থেকে পানি বৃদ্ধি পেয়ে বুধবার বিকালে তিস্তা রেল সেতু পয়েন্টে নদীর পানি বিপত্সীমা ছুঁই ছুঁই করছে। এতে উপজেলার ঢুষমারা, গোপীডাঙ্গা, পাঞ্জরভাঙ্গা, চরগদাই, পূর্ব নিজপাড়া, তালুক শাহাবাজ, হরিচর শর্মা, চর গনাই, গনাই, হয়বতরখাঁ, আজমখাঁ, টাপুর চর, বিশ্বনাথ, প্রাণনাথচরে নদীর পানি প্রবেশসহ বেশ কিছু ফসলি জমি ক্ষতি হয়েছে। ঢুষমারা চরের বাসিন্দা নজরুল ইসলাম ও কোব্বাত মিয়া জানান, তিন দফা বন্যায় ও নদীভাঙনে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, তার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে বন্যা দেখা দিতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উলফত্ আরা বেগম জানান, নদীর পানি বৃদ্ধির কথা শুনেছি। আমরা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
