বরগুনার রিফাত হত্যা

প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ৩০ সেপ্টেম্বর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচারের রায় আগামী ৩০ সেপ্টেম্বর ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই তারিখ ঘোষণা করেন।

আলোচিত এই হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর বিচারক রায়ের দিন ধার্য করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করে আদালত। এরপর সব আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এ সময় এই মামলার অন্য আসামিদের সঙ্গে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে উপস্থিত ছিলেন। মিন্নি এই মামলার ৭ নম্বর আসামি। তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে আছেন। গতকাল বুধবার পুনরায় জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মামলার রায়ের দিন ধার্য করার পাশাপাশি মিন্নিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন।

 নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘আদালত উভয় পক্ষের যুক্তি খণ্ডন শেষে আগামী ৩০ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায়ের দিন ধার্য করেছে। আদালত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়শা সিদ্দিকাকে আমার জিম্মায় দিয়েছে।’

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ভুবন চন্দ্র হাওলদার বলেন, মামলার ৭ নম্বর আসামি নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করা হয়েছিল। তবে আদালত আইনজীবীর জিম্মায় মিন্নিকে জামিন দিয়েছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঐ বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগপত্রভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক।

 গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হূদয় ওরফে টিকটক হূদয়, মো. হাসান, মো. মুসা, আয়শা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।