বেদখল খাল ও সড়ক উদ্ধারে ছাড় দেওয়া হবে না :আতিক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জনগণের হাতের চেয়ে লম্বা হাত আর কারো নেই। গতকাল উত্তরখানের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে খাল দখলদারদের হুঁশিয়ার করে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সম্প্রতি ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্প পাশ করেছেন। এখানকার সড়ক প্রশস্ত হবে, ১৩টি খাল আছে, এগুলোর অনেক জায়গায় দখল হয়ে আছে। এই ১৩টি খাল পুনরুদ্ধার করে উন্নয়ন করা হলে জলাবদ্ধতা নিরসন হবে। মেয়র আরো বলেন, সড়ক প্রশস্ত করতে গেলে অনেক স্থাপনা ভাঙা পড়তে পারে। ডিএনসিসির ম্যাপ অনুযায়ী সড়কের দুই পাশে যার স্থাপনাই থাকুক না কেন, সেগুলো ভেঙে সড়ক প্রশস্ত করতে হবে। এ সময় তিনি দখলকৃত সড়ক ও খাল উদ্ধারে জনগণের সহায়তা চান। মেয়রের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নুল আবেদীন, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।