অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

রেকর্ড গড়া ম্যাক্সওয়েলে মুগ্ধ দল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

লোয়ার মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের সংজ্ঞা নতুন করে লিখে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার রাতে অ্যালেক্স কেরিকে সঙ্গে নিয়ে খেললেন অবিশ্বাস্য এক ইনিংস। এই ইনিংসে তার হলো দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড। আর এই ইনিংসেই ভর করে ইংল্যান্ডের করা ৩০২ রান দুই বল হাতে রেখে টপকে গেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারাল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য এই জয়ের পর অস্ট্রেলিয়া মেতেছে ম্যাক্সওয়েলের বন্দনায়। অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘৫ উইকেট পড়ার পর আশার জায়গা খুব বেশি ছিল না, বিশেষ করে ম্যাক্সওয়েলের পর যখন উইকেটে যেতে হয় প্যাট কামিন্সকে। তবে এই ভরসা ছিল, ম্যাক্সি (ম্যাক্সওয়েল) পালটা আক্রমণ করতে পারে। অসাধারণ খেলেছে ম্যাক্সি, অ্যালেক্সের (কেরি) সঙ্গে ওর জুটি ছিল দুর্দান্ত।’ আগে ব্যাট করা ইংল্যান্ড জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ভর করে ৩০২ রান করেছিল। জবাবে ৭৩ রান ৫ উইকেট হারিয়ে ফেলার পর কেরি ও ম্যাক্সওয়েল এনে দেন অস্ট্রেলিয়াকে জয়।  অস্ট্রেলিয়ার জয়ের নায়ক অবশ্য ম্যাক্সওয়েল। তিনি এই ইনিংসে পথেই পূর্ণ করেছেন ৩ হাজার ওয়ানডে রান। মাইলফলক ছোঁয়ার সময় বল খেলেছেন তিনি ২ হাজার ৪৪০টি। ওয়ানডেতে এই প্রথম কোনো ব্যাটসম্যান ২ হাজার ৫০০-এর কম ডেলিভারি খেলে পা রাখলেন ৩ হাজারের সীমানায়। জস বাটলার রেকর্ডে পড়ে গেছেন পেছনে। ২ হাজার ৫৩২ বল খেলে বাটলার করেছিলেন ৩ হাজার রান।

আগে ব্যাট করা ইংল্যান্ডের শুরুটাও খুব খারাপ হয়েছিল। বিনা রানে ২ উইকেট হারায় তারা। এরপর বেয়ারস্টো রুখে দাঁড়ান। তিনি ১২৬ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১১২ রান করেন। তাকে দারুণ সঙ্গ দেন ৬ ও ৭ নম্বরে নামা স্যাম বিলিংস ও ক্রিস ওকস। বিলিংস ৫৭ ও ওকস ৫৩ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন মিশেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ঘোরতর বিপদে পড়ে। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ২১৩ রানের জুটি করেন কেরি ও ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেটে এই প্রথম ২০০ রানের জুটি পেল অস্ট্রেলিয়া। কেরি ক্যারিয়ার সেরা ১০৬ রানের ইনিংস খেলেন ১১৪ বলে। আর ম্যাক্সওয়েল ৯০ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় ১০৮ রান করেন।