ফুটবলের নতুন একটা মৌসুম ঘোষণা করেছে প্রিমিয়ার ফুটবল লিগ কমিটি। গতকাল বিকালে বাফুফে ভবনে লিগ কমিটির সভা শেষে ঘোষণা দেওয়া হয় আগামী অক্টোবরে খেলোয়াড় দলবদল, ডিসেম্বরে ফেডারেশন কাপ ফুটবল দিয়ে নতুন মৌসুম শুরু হবে। লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সলাম মুর্শেদী জানিয়েছেন, ডিসেম্বরে ফুটবলের নতুন মৌসুমের যাত্রা শুরু হবে। অক্টোবরে দলবদলের কথা বললেও তারিখ ঘোষণা হয়নি। ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। নির্বাচনের পর নতুন কমিটি সিদ্ধান্ত দিতে পারে।
এবছর ফেডারেশন কাপের পর লিগ শুরু হলেও করোনার কারণে সেটি বাতিল হয়েছিল। নতুন মৌসুমে খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবে খেলতে পারবে। গতকাল সালাম মুর্শেদী বলেন, ‘২০১৯-২০ মৌসুমের পারিশ্রমিকের ৪৫ ভাগ টাকা ক্লাবগুলো দেবে এবং নতুন ২০২০-২১ মৌসুমের জন্য ২৫ ভাগ অর্থ আগাম দেওয়া হবে। এটিকে সমঝোতার মৌসুম বললে ভুল হবে না।’ তিনি জানান, ক্লাবগুলো একমত হয়েছে।’ ‘আমি নিজেও এটি নিয়ে নিয়ে একাধিক খেলোয়াড়ের সঙ্গে ফোনে কথা বলেছি—বললেন সালাম।
ক্লাব যে সব খেলোয়াড় না রাখবে সেটা নির্ধারিত সময়ের মধ্যে বাফুফেকে জানিয়ে দেবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ক্লাব মুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে।’
‘সভায় ১৩ ক্লাবের মধ্যে ১১ ক্লাব উপস্থিত থাকলেও চট্টগ্রাম আবাহনী এবং পুলিশের পক্ষ হতে জানিয়ে দিয়েছে যে সিদ্ধান্ত সেটা তারা মেনে নেবেন—বলেন সালাম।
বিদেশি ফুটবলার চার জন
নতুন মৌসুমের জন্য চার জন বিদেশি ফুটবল খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। চার জন রেজিস্ট্রেশন এবং চার জনই মাঠে নামতে পারবেন। অনেকেই দাবি করেছিলেন বিদেশি ফুটবলার না রাখার জন্য। কিন্তু সেখান থেকে ক্লাবগুলো সরে এসেছে বলে জানিয়েছে লিগ কমিটি। এখানে এশিয়ান কোটা থাকবে কি না, সেটা না বলা হলেও ক্লাব কর্মকর্তা সালেহ জামান সেলিম জানিয়েছেন এশিয়ান কোটা না থাকলে এএফসি কাপে খেলবে কিভাবে।
চার ভেন্যুতে খেলা হতে পারে
প্রিমিয়ার ফুটবল লিগের খেলা গতবারের মতো সাত ভেন্যুতে হবে না। চার ভেন্যুতে হবে। কিন্তু এই চারটি ভেন্যুর নাম বলা হয়নি। সালাম মুর্শেদী জানিয়েছেন, কোভিডের কারণে ভেন্যু হবে রাজধানীর কাছাকাছি। যেন হোটেলে অবস্থান করতে না হয়। যেন দিনে গিয়ে ম্যাচ খেলে সেই দিনই ঢাকায় ফেরা যায়। সালাম বললেন, ‘ক্লাবগুলো তিনটি ভেন্যু দাবি করেছিল। আমরা চারটি করতে চাই। তারপরও এবার অনেক খেলা থাকবে কারণ এএফসি, ফিফার খেলা হয়নি। সেগুলো হবে।’
