বোরহানউদ্দিনের কৃষকরা আমন রোপণে ব্যস্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন বোরহানউদ্দিনের কৃষকেরা। তাদের যেন দম ফেলার ফুরসতও নেই। আউশের ফলন ও দাম ভালো পেয়ে এবার আমন চাষে ঝুঁকেছেন বেশ উত্সাহ নিয়ে। উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক অহিদ সর্দার জানান, আউশ মৌসুমে তিনি তিন একর জমিতে চাষ করেন। ফলন ও দাম বেশি পাওয়ায় এবার আমন মৌসুমে তিনি পাঁচ একর জমি আবাদ করেছেন। বড় মানিকা বাটামারা গ্রামের কৃষাণী সুমাইয়া বেগম বলেন, ১৬ কড়া জমিতে তিনি আমন আবাদ করছেন। একই এলাকার রবি আলম বলেন, ১০ কড়া জমিতে তিনি আউশ ধান করেছিলেন। ফলন খুবই ভালো হয়েছিল। এবার তিনি ৪০ কড়া জমিতে আমন আবাধ করছেন। বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক জানান, এবার আউশ মৌসুমে ফলন ভালো হয়েছে, দামও তুলনামূলকভাবে বেশি পেয়েছে। তাই কৃষকেরা খুবই উজ্জীবিত। এজন্য আমন চাষে বেশি আগ্রহী হয়েছে।