মাগুরায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

অনুকূল আবহাওয়ায় এবার মাগুরায় পাটের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি জেলার পাটচাষিরা। পাটচাষিরা জানান, এবার পাটের ফলন ভালো হয়েছে। এছাড়া পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পচাতে অসুবিধা হয়নি। পাটের রং হয়েছে উজ্জ্বল, যে কারণে দাম ভালো পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, স্থানীয় পাটকলগুলোর পাশাপাশি বিভিন্ন দেশে এবার বাংলাদেশের পাটের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে শুরু থেকেই পাটের বাজারদর ভালো। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, এবার অনুকূল আবহাওয়ার কারণে পাটের বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি ১২ থেকে ১৫ মণ ফলন হয়েছে। বাজারে প্রতি মণ পাট ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।