বেনাপোল বাজারে সবজির দাম চড়া

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ও বৈরী আবহাওয়ায় বেনাপোল বাজারে কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে কাঁচা সবজির দাম। প্রতিটি সবজির দাম প্রায় ১০ থেকে ১৫ টাকা হারে বেড়ে গেছে।

বৃহস্পতিবার বাজারে ঘুরে দেখা যায়, বেগুন ৬০-৬৫ টাকা, টম্যাটো ৮০-৮৫ টাকা, কাঁচা মরিচ ১৪০-১৫০ টাকা, কলা ৫০-৫৫ টাকা, পেঁয়াজ ৬৫-৭০ টাকা, আলু ৩৫-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৩৫-৪০ টাকা ও কচুর মুখি ৩৫-৪০ কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি দোকানদার মিজান বলেন, খেতওয়ালারা খেত থেকে সবজি এনে আড়তদারদের কাছে দেন। আমরা আড়তদারদের কাছ থেকে সেই সবজি কিনে খুচরা বাজারে বিক্রি করি। যেদিন যেমন দামে কিনে আনি, সেদিন তেমন দামে বিক্রি করি। আমাদের মতো দোকানদারদের কাছ থেকে সবজির দাম বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই।