সুস্থ হয়েছে আড়াই লাখেরও বেশি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৯৪তম দিনে এই ভাইরাস থেকে সুস্থ মানুষের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৩ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৭৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭২ দশমিক ৩৬ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ৩৮ শতাংশ বেশি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৯৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবারের চেয়ে বৃহস্পতিবার ২২ জন কম শনাক্ত হয়েছেন। বুধবার ১৩ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ০৯ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ কম। দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ। বুধবার এই হার ছিল ১৯ দশমিক ৩৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। বুধবারের চেয়ে গতকাল ১৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮৫৯ জন।