দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে সংসদ ভবনের পাশে আসাদ গেটস্থ পেট্রোল পাম্প। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে এটা চালু হয়। পেট্রোল পাম্পটি চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্লামেন্ট মেম্বারস ক্লাব। গতকাল অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় বলা হয়, এতে পার্শ্ববর্তী এলাকার লোকজনসহ সবাই উপকৃত হবেন।
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, ইকবালুর রহিম, এ বি তাজুল ইসলাম, শামসুল হক চৌধুরী, এনামুল হক, আ স ম ফিরোজ, কাজী ফিরোজ রশীদ, মনজুর কাদের কোরাইশী, নাহিম রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন রতন, এ এম নাইমুর রহমান, নাসিমুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম শিমুল, রাজী মোহাম্মদ ফখরুল, নূর মোহাম্মদ, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম মিতা, খাদিজাতুল আনোয়ারা প্রমুখ অংশ নেন। সভায় জানানো হয়, পার্লামেন্ট মেম্বারস ক্লাব ও গণপূর্ত প্রকৌশল বিভাগ যৌথভাবে পেট্রোল পাম্পটি পরিচালনা করবে। পাম্প থেকে অর্জিত আয়ও সমান ভাগ হবে।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের প্রশংসা করা হয়। ক্লাবের সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনায় সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরামর্শ দেন। ক্লাবের সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং সংসদ সদস্যদের সেবার মান বৃদ্ধির সব কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
