রাজধানীতে সাত শতাধিক সাইনবোর্ড উচ্ছেদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান, বনানী ও প্রগতি সরণি এলাকায় প্রায় সাত শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেছে ডিএনসিসি। গতকাল বৃহস্পতিবার তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় এ অভিযান চালানো হয়। এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল ১ লাখ ৭৭ হাজার টাকা বিক্রয় করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা প্রদান করা এবং অন্যান্য অপরাধে ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ চলাকালে গুলশান-১  গোলচত্বরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, অনেকে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আপনারা দেখেছেন, দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে এখানে ব্যবসা করছে, কীভাবে তারা এ কাজটি করে? এরকম অনেক আছে। আপনারা যারা এখানে ব্যবসা করছেন, উত্তর সিটি করপোরেশনের গুলশানে লাইসেন্স নিয়ে গুলশানে ব্যবসা করতে হবে, মোহাম্মদপুরের লাইসেন্স নিয়ে গুলশানে ব্যবসা করা যাবে না। আবার লাইসেন্সে গুলশানের ঠিকানা দেওয়া থাকলে গুলশানেই ব্যবসা করতে হবে। সবাইকে ট্যাক্স পরিশোধ করেই সাইনবোর্ড লাগাতে হবে।  পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য জায়গায়ও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, এখানে সবাই ব্যবসা করছে, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল করপোরেশন, সবাই ব্যবসা করছে। যাকেই জিজ্ঞাসা করি, সে বলে আমরা জানি না। কিন্তু ট্রেড লাইসেন্সের মধ্যেই পরিষ্কার করে এইসব বিষয়ে লেখা আছে। আপনার সাইনবোর্ডের মাপ কত, আপনার ট্যাক্স কত, সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে। এটা খুবই দুর্ভাগ্য আমাদের। আমাদের এই অভিযান চলমান থাকবে। ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রীর নিলামও অব্যাহত থাকবে। আসুন একটি সুন্দর ঢাকা শহর গড়ি।