তেজগাঁওয়ে সরকারি কোয়ার্টারের ছাদে বস্তাবন্দি নারীর লাশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও এলেনবাড়ী সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।  তেজগাঁও থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, আমরা খবর পেয়ে সকালে এলেনবাড়ী সরকারি স্টাফ কোয়ার্টারের ২ নম্বর ভবনে যাই। ভবনটির ছাদে বস্তাবন্দি অবস্থায় লাশটি পাওয়া যায়। এরপর সিআইডি ক্রাইমসিন ও পিবিআই ঘটনাস্থলে এসে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করে।  পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, কীভাবে, কারা ঐ নারীকে হত্যা করেছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। নিহত ঐ নারীর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়ার পর হত্যার বিষয়ে ধারণা পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আমরা অপেক্ষা করছি পরিচয় শনাক্তের। এরপর স্বজনরা মামলা করবেন। যদি সেটা না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।