দুদকের তিন মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও এক মামলায় তার স্ত্রী লায়লা পারভীনের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান ও আউয়াল দম্পতির পক্ষে শেখ আওসাফুর রহমান শুনানি করেন।
গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত ৭ জানুয়ারি হাইকোর্ট তাদেরকে আট সপ্তাহের আগাম জামিন দেয়। পরে তা বহাল রাখে আপিল বিভাগ। ৩ মার্চ তারা পিরোজপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে। ঐ জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।
