হত্যার দায় স্বীকার করে কথিত স্বামীর আদালতে স্বীকারোক্তি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১১ লঞ্চের কেবিনে জান্নাতুল ফেরদৌসি লাবনী নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছে তার কথিত স্বামী মো. মনিরুজ্জামান। পিবিআইর হাতে গ্রেফতার মনিরুজ্জামানকে গত বুধবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক মো. আনিছুর রহমানের কাছে লাবনী হত্যায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মনিরুজ্জামান। জবানবন্দি প্রদান শেষে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার ভোরে বরিশাল নদীবন্দরে আসা এমভি পারাবাত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিন থেকে জান্নাতুল ফেরদৌসী লাবনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে লাবনীর কথিত স্বামী মনিরুজ্জামানকে গ্রেফতার করে পিবিআই। আদালতে দেওয়া জবানবন্দিতে মনিরুজ্জামান বলেন, লাবনীর সঙ্গে তার গোপনে বিয়ে হয়েছে।