দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে :খাদ্যমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের এই মুহূর্তে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তাতে দেশে খাদ্যের কোনো অভাব হবে না। আমরা শুধু বাজার থেকে ধান কিনি কৃষকদের নায্যমূল্য দেওয়ার জন্য। এই মুহূর্তে চুক্তিকৃত প্রায় ৭৫ শতাংশ ধানচাল সংগ্রহ করতে পেরেছি। এতে আমাদের রেশনসহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় অসুবিধা হবে না। বুধবার রাতে নিজ বাসভবনে জেলা চালকল মালিক গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোক্তারা যদি কষ্ট পায়। যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে আমাদের কাগজপত্র ঠিকঠাক করা আছে। সাত দিনের মধ্যে চাল আমদানি করতে পারব। মন্ত্রী বলেন, সারা দেশে মজুতদার পরিস্থিতির ওপর পর্যবেক্ষণ শুরু হয়েছে। মনিটরিং টিম তৈরি করা হয়েছে এবং জেলায় জেলায় যাচাই-বাছাইয়ের জন্য নেমে গেছে। যাচাই-বাছাইয়ে সে রকম মজুত থাকলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা খাদ্যনিয়ন্ত্রক জি এম ফারুক পাটোয়ারী, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারসহ প্রমুখ বক্তব্য  দেন।