কৃষক বিলে আপত্তি জানিয়ে মোদির মন্ত্রিসভা ছাড়লেন অকালি নেত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

ভারতে কৃষক ‘বিরোধী’ আইন আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই অভিযোগে আকস্মিকভাবে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ছাড়লেন পাঞ্জাবের অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। যদিও এই বিলগুলো যে মন্ত্রিসভা বৈঠকে পাশ হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন হরসিমরত। পরবর্তীতে দলেরই কৃষককর্মী সমর্থকদের চাপে আচমকাই সুর বদল করলো অকালি দল। প্রকাশ সিংহ বাদলের পুত্রবধূ হরসিমরতই ছিলেন পাঞ্জাবের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী। পদত্যাগ করার পর টুইট করে হরসিমরত জানান, কৃষক ভাই-বোনদের স্বার্থে তার এই সিদ্ধান্ত। অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, মন্ত্রিসভা ছাড়লেও বাইরে থেকে তারা মোদি সরকারকে সমর্থন করে যাবেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ এই ইস্তফাকে স্রেফ ‘গিমিক’ হিসেবেই দেখছেন। -আনন্দবাজার পত্রিকা