ভ্যাট গোয়েন্দার অভিযানে অবৈধ বিপুল পরিমাণ মদ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৫

রাজধানীর শুক্রাবাদে হোটেল এরাম ইন্টারন্যাশনাল থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করেছে ভ্যাট গোয়েন্দা বিভাগ। এর মধ্যে রয়েছে ৩৭৪ বোতল বিদেশি হুইস্কি এবং ৩ হাজার ৬৭২ ক্যান বিদেশি বিয়ার। উদ্ধার করা কোটি টাকা মূল্যের ঐ সব মদ ও বিয়ারের পক্ষে প্রতিষ্ঠানটি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এসব মদ ও বিয়ার হোটেলের ছাদ, মেঝে ও গ্যারেজের বিভিন্ন স্থানে লুকানো ছিল।

প্রতিষ্ঠানটি একদিকে সরকারের নির্দেশনা অমান্য করে মদ বিক্রি করেছে, অন্যদিকে বিক্রি না দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভ্যাট গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ মার্চ থেকে হোটেল বার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। কিন্তু কাগজপত্র পরীক্ষায় দেখা গেছে, প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশনা অমান্য করে মদ ও বিয়ার বিক্রি অব্যাহত রেখেছিল। এছাড়া গত কয়েক মাস শূন্য বিক্রি দেখিয়ে ভ্যাট অফিসে রিটার্ন জমা দিয়েছে। কিন্তু হোটেল এরাম প্রাঙ্গণ থেকে জব্দকৃত নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, তারা আলোচ্য সময়ে মদ বিক্রি করেছে। এ-সংক্রান্ত বিক্রি চালানের কপি পাওয়া গেছে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ভ্যাট আইন অনুসারে এসব পণ্য ক্রয় রেজিস্টারে এন্ট্রি থাকার বাধ্যবাধকতা থাকলেও তা নেই। এসব মদ ও বিয়ার চোরাচালানের উত্স থেকে সংগ্রহ করে হোটেল বারে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাত। আটককৃত এসব মদ ও বিয়ার ঢাকা কাস্টম হাউজের গুদামে জমা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।