বহিষ্কৃত মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ অপর দুই কর্মীর রিমান্ড মঞ্জুর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৪০

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত ও গ্রেপ্তারকৃত সভাপতি রাজু আহমেদ ও ছাত্রলীগের অপর দুই কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আমলি আদালত নওগাঁ-৩ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল মোহাম্মদ মিয়া এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মহাদেবপুর থানার উপ-পরিদর্শক আবু রায়হান গ্রেপ্তার ছাত্রলীগের ওই তিন নেতাকর্মীকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রেজাউল ইসলাম গ্রেপ্তার ব্যক্তিদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাজুল মোহাম্মদ মিয়া আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিদের জামিন আবেদন নাকচ করে দেন।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে চাঁদার দাবিতে তাকে মারধর করে রাজু গং। এর একপর্যায়ে ড্রয়ারে থাকা দেড় লাখ টাকাসহ তুলে নিয়ে যায় আওয়ামী লীগ অফিসে। সেখানেও সোহেলকে ব্যাপক মারপিট করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও তার সঙ্গীরা। 

এ ঘটনায় গেল সেপ্টেম্বর ছাত্র লীগ নেতা রাজু আহমেদ ও নয়নসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করেন ওই ব্যবসায়ী। গত রবিবার ব্যবসায়ী সোহেলের দোকানের সিসি ক্যামেরায় তাকে মারপিট করার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়।

এরপর সোমবার মহাদেবপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার রাজু আহমেদসহ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে ঢাকার আসকোনা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ইত্তেফাক/আরকেজি