আদর্শিক নেতাকর্মী তৈরির কারিগর ছিলেন তারা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুন স্মরণসভায় বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রয়াত দুই প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুন স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, আদর্শিক নেতাকর্মী তৈরির কারিগর ছিলেন তারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ছাত্রলীগ আওয়ামী লীগের প্রাণশক্তি। এই সংগঠনের নেতারা দুর্দিনে, দুঃসময়ে কাজ করে। একটা সময় বাকশাল গালি ছিল। কিন্তু বাকশালের অর্থনৈতিক দর্শন ছাড়া এই জাতির মুক্তি হবে না। বঙ্গবন্ধু দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে যে কর্মসূচি নিয়েছিলেন তা বাকশালের কর্মসূচিতেও ছিল। এই দেশের মানুষের যখন অর্থনৈতিক মুক্তি মিলবে, সেদিন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মুক্তিযুুদ্ধের চেতনায় দেশকে যখন গড়ে তুলতে সক্ষম হব, তখন মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের আত্মার শান্তি পাবে। প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৪ দলের সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রয়াত মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস ১৪ দলের সকলের প্রতিটি নেতাকর্মীর আস্থাভাজন নেতা মোহাম্মদ নাসিম। ১৪ দলও ব্যাপক আস্থা রেখেছিলেন তার ওপর। অন্যদিকে সাহারা খাতুন রাজনীতি করতে গিয়ে সারা জীবন নিজেকে উত্সর্গ করেছিলেন। তারা আদর্শিক নেতাকর্মী তৈরির কারিগর ছিলেন।

মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, ‘ক্রান্তিকালে দুঃসময়ে পরীক্ষায় উত্তীর্ণ নেতাকর্মীরা যতই হারিয়ে যাচ্ছে ততই শঙ্কিত হচ্ছি। আমি মোহাম্মদ নাসিমের মামলার আইনজীবী ছিলাম।’ সাহারা খাতুনের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে জীবনের সব সুখ বিসর্জন দিয়েছেন। নারী নেত্রীদের সংগঠিত করে দলকে শক্তিশালী করেছেন। তিনি বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন কর্মী ছিলেন।

এনামুল হক শামীম বলেন, আমাদের দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছিলেন ‘আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম’ সেই অনুভূতির প্রাণপুরুষ ছিলেন মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুন। তারা দুই জন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। দলের দুঃসময়ে যেমন হাল ধরেছেন, সরকারেও সফল ছিলেন তারা। জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, নুরুল আমিন রুহুল এমপি প্রমুখ।