গজারিয়ায় বাস সার্ভিস চালুর প্রতিবাদে অটোরিকশা চালকদের বিক্ষোভ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

গজারিয়ায় আঞ্চলিক সড়কে বাস সার্ভিস চালুর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে গজারিয়া আঞ্চলিক সড়ক সিএনজি ও অটোরিকশাচালকরা। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সিএনজি অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক মিলন সিকদার জানান, ‘গজারিয়ার প্রধান আঞ্চলিক সড়কটিতে বাস সার্ভিস চালু হলে আঞ্চলিক সড়কে চলাচলরত আমাদের প্রায় ১ হাজার সিএনজি, অটোরিকশাচালক বেকার হয়ে পড়বে। বাস সার্ভিস চালুর প্রতিবাদে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত করার পরও কাজ না হওয়ায় তারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। চালকদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী বাসমালিকদের সঙ্গে যোগসাজশে অজ্ঞাত কারণে বাস সার্ভিস চালুর পাঁয়তারা করছেন। বিক্ষোভ মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ চলাকালে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন আল রশিদ ঘটনাস্থলে এসে চালকদের সঙ্গে ঐকমত্য পোষণ করে বাস সার্ভিস চালু হবে না বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।