মাগুরা সদর উপজেলার মঘির ঢাল নামকস্থানে শুক্রবার দুপুরে দুটি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত এবং অপর ২৫ জন আহত হন। নিহতদের মধ্যে তাত্ক্ষণিক দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, যশোর জেলার রুপদিয়ার আমিন মিয়া (৪৩) ও নরসিংদীর ফকরুল ইসলাম (৩৬)। তাদের একজন চাকলাদার পরিবহনের সুপারভাইজার ও অপরজন যাত্রী। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া খাজুরা সড়কের মঘির ঢাল নামকস্থানে খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ, বরিশাল থেকে যশোরগামী একটি কোচ এবং একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে এক জনসহ মোট চার জন মারা যান। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার তত্পরতায় অংশ নেয়। এসময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক আলাউদ্দিন (২২) মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
