আওয়ামী লীগ শিবচর উপজেলা শাখার বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ আব্দুল লতিফ মোল্লার নাম ঘোষণা করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় ছয় বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। শুক্রবার সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে বর্ধিত সভায় সর্বসম্মতভাবে এ নাম ঘোষণা করা হয়। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি এম আতাউর রহমান, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তোতা খানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, করোনাযুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই জীবন দিয়েছেন আর বিএনপিসহ অন্য দলের কাউকে মাঠে দেখা যায়নি। তারা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ ছিল। তিনি আরো বলেন, শিবচরে বন্যা ও নদীভাঙনে সে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী এক মাসের মধ্যে তা চালুর ব্যবস্থা করা হবে। এখন থেকে চরাঞ্চলে নতুন আঙ্গিকে স্থাপনা নির্মাণ করা হবে যাতে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া যায়।
