গতকাল শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের গণেশপুর মধ্যপাড়ার বাড়ি থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো—গণেশপুর মধ্যপাড়া এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার মীম (১৬) ও মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া (১৪)। তারা সম্পর্কে চাচাতো বোন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়ার লাশ পাওয়া যায় একটি ঘরের ভেতরে খাটের ওপর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায়। তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার লাশ পাশের ঘরের মেঝেতে পড়ে ছিল। গলায় পাওয়া গেছে জখমের চিহ্ন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জান্নাতুলের বাবা মমিনুল ইসলাম (ইলেকট্রিশিয়ান) তার স্ত্রীকে নিয়ে কুড়িগ্রাম উলিপুর উপজেলায় শ্বশুরবাড়িতে যান। বাবা-মা বাসায় না থাকায় রাতে ঘুমানোর জন্য জান্নাতুল তার চাচাতো বোন সুমাইয়াকে ডেকে আনে। পরে সকালে তাদের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ সাংবাদিকদের জানায়, নিহত সুমাইয়া নগরীর মুলাটোল আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দেয় এবং জান্নাতুল বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই মৃত্যুরহস্য উদ্ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
