‘প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

৩ অক্টোবর বাফুফের নির্বাচনে বাদল রায়ের নাম ব্যালট পেপারে থাকবে। সভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় সেটি গৃহীত হয়নি। বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় নিজে বাফুফে ভবনে গিয়ে বাদল রায়ের নাম প্রত্যাহারের আবেদন জমা দিয়ে এসেছেন। তার পরও গতকাল বিকালে মোহামেডান ক্লাব টেন্টে বাদল রায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জানিয়েছেন তিনি নির্বাচন করছেন না। তিনি ভোটও চাইছেন না। আবেগ আপ্লুত হয়ে সংগঠকদের নিয়ে অনেক কথা বললেও তিনি ভোট করছেন না সেটা অবহিত করতেই সংবাদ সম্মেলনের আয়োজন বলে জানালেন বাদল রায়। তার পাশে ছিলেন স্ত্রী মাধুরী রায় এবং আবু হাসান চৌধুরী প্রিন্স। বাদল রায় বলেন,‘আমার শারীরিক অবস্থা ভালো না। অনেকে বলে মনেও করে চাপ আছে। আসলে চাপ নেই। প্রার্থিতা প্রত্যাহার আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ নাম প্রত্যাহার করার কথা বললেও বাদল রায়ের নাম থাকবে ব্যালটে। আর যদি ভোট পান সেটি গণনা হবে। এমনকি সর্বোচ্চ ভোট পেলে তিনি সভাপতিও নির্বাচিত হবেন।