করোনার নমুনা দিলেন ক্রিকেটারসহ ৫৩ জন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

স্পোর্টস রিপোর্টার

পূর্বপরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কা সফরের আগে চার বার করোনা পরীক্ষা হবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হয়েছিল প্রথম ধাপ। ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার ট্রেভর নিক লি শুধু পজিটিভ হয়েছিলেন প্রথম ধাপে। গতকাল শুরু হয়েছে দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা। গতকাল ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেটাররা।

গতকাল ১৮ ক্রিকেটার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। যদিও এদিন সর্বমোট ৫৩ জন করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে ৩৫ জন হোটেল কর্মীর নমুনা নেওয়া হয়েছে। তারা সবাই রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ের কর্মী। লঙ্কা সফরের আগে এক সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য এই হোটেলেই উঠবে বাংলাদেশ দল।

আজ আরো ৯ জন ক্রিকেটারের নমুনা নেওয়া হবে। তারা সবাই ঢাকা বাইরে ছিলেন এতদিন। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা সম্পর্কে বলেছেন, ‘আজকে (গতকাল) ১৮ জন ক্রিকেটারের নমুনা নেওয়া হয়েছে। সঙ্গে ৩৫ জন হোটেল স্টাফ ছিল। কালকে (আজ) আরো ৯ ক্রিকেটারের নমুনা নেওয়া হবে।’