ফুটবলাররা হতাশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

স্পোর্টস রিপোর্টার

গত বৃহস্পতিবার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন মৌসুমের জন্য ক্লাবগুলো খেলোয়াড়দের পুরোনো পারিশ্রমিকের ৪৫ শতাংশ এবং নতুন মৌসুমের জন্য ২৫ শতাংশ অর্থ দিয়ে চুক্তিবদ্ধ করবে। এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ফুটবলাররা। ক্লাব এবং লিগ কমিটির সিদ্ধান্ত একতরফাভাবে ক্লাগুলোর পক্ষেই গেছে মনে করছেন খেলোয়াড়রা। জাতীয় দলের গোলকিপার আমলাফুল রানা, ডিফেন্ডার রায়হান হাসান, তপু বর্মনারা উদ্বিগ্ন। মনে করা হচ্ছে—যারা বড় দলে খেলে তারা কোনোভাবে চলবে, আর যারা ছোটখাটো দলে খেলবে তাদের জন্য আরো খারাপ হবে। খেলোয়াড়রা বলছেন, আমরা যারা পরিবার চালাই তাদের জন্য এটা কঠিন সিদ্ধান্ত। কে না পরিবার চালায়, ফুটবলার বিবাহিত না হলেও তারা ভাইবোন, মা-বাবাকে চালায়। খেলোয়াড়রা বলছেন, তারা যে বাফুফের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান জানিয়েছিলেন সেটা বাস্তবায়ন হয়নি।

জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন বলেন, ‘সবই ক্লাবের পক্ষে গেছে। প্লেয়ারদের দিকে কেউ তাকাচ্ছে না। নতুন মৌসুমে মাত্র ২ পারসেন্ট দেবে, এটা হতাশজনক। আমরা হতাশার মধ্যে পড়লাম।’ তপু বলেন, ‘লিগট তো আমরা খেলতে চেয়েছিলাম। আমরা লিগ বাতিল করতেও বলিনি। এখন যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই হিসাব করলে ব্রাদার্স, রহমতগঞ্জ, উত্তর বারিধারার মতো ক্লাবগুলো একজন খেলোয়াড়কে ২ লাখ টাকায় চুক্তি করে ২৫ শতাংশের অর্থের সমান ৫০ হাজার টাকা দেবে। তাতে কি সে চলতে পারবে। মৌসুম চলবে আট মাস।’

২০১০-২০ মৌসুম ফেডারেশন কাপ ফুটবল হওয়ার পর লিগের খেলায় কয়েক রাউন্ড হলেও করোনার কারণে বাফুফে ক্লাবগুলোর সঙ্গে বসে লিগ বাতিল করে। খেলোয়াড়রা লিগ বাতিলের পক্ষে ছিল না। যেখানে শেষ হয়েছে সেখান থেকে লিগ শুরু করার পক্ষেই ছিলেন। খেলোয়াড়রা নিজেদের অবস্থান নিয়ে কয়েক দফা বাফুফের সঙ্গে বৈঠক করে। তারা চেয়েছিলেন ক্লাব এবং খেলোয়াড় যেন ক্ষতির মুখে না পড়ে। নতুন সিদ্ধান্তে এখন তারা মনে করছে ক্লাবগুলোর সুবিধাই হয়েছে।