চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের তেল রপ্তানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটির সরকারি সংস্থা সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের তেল রপ্তানি হয়েছে প্রায় ৭৪ দশমিক ৮ বিলিয়ন রিয়াল। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক এই দেশটির অপরিশোধিত তেলের রপ্তানিও ধারাবাহিকভাবে কমেছে। করোনা ভাইরাস মহামারিতে বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। যা আগের মাসের চেয়ে ০ দশমিক ৫ শতাংশ বেশি। বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উত্পাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে। ওপেক এবং মিত্ররা তেলের উত্পাদন দিনে ৯৭ লাখ ব্যারেল কমিয়েছে; যা বৈশ্বিক সরবরাহের ১০ শতাংশের সমান।
করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে জ্বালানির চাহিদা ব্যাপক হারে কমে এসেছে। এর প্রভাব পড়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর অর্থনীতির ওপর। তেলনির্ভর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব করোনা ভাইরাসের প্রকোপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৮ হাজার ১৪৪ এবং মারা গেছেন ৪ হাজার ৩৯৯ জন।
